সিলেটটুডে ডেস্ক

২৭ জুন, ২০২১ ১১:৪৭

কৃষি অবদানে সর্বোচ্চ সম্মাননা পেলো ৩২ ব্যক্তি-প্রতিষ্ঠান

কৃষি ক্ষেত্রে উল্লেখযোগ্য ও অনুকরণীয় অবদানের জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেয়েছে ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার সকালে প্রধানমন্ত্রীর পক্ষে এ পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে কৃষি উন্নয়নে অনুপ্রেরণা জোগাতে এ পুরস্কার প্রবর্তন করেন। এরই ধারাবাহিকতায় এবারও দেয়া হলো এ পুরস্কার।

সম্মাননার মধ্যে প্রথম পুরস্কার পাঁচটি স্বর্ণ, দ্বিতীয় পুরস্কার নয়টি ব্রোঞ্জ ও তৃতীয় পুরস্কার ১৮টি রৌপ্য পদক। প্রতি বছর সাধারণত বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার দেওয়া হয় ১০টি বিষয়ের ওপর বিশেষ অবদানের জন্য।

এগুলো হলো কৃষি গবেষণায় অবদান, কৃষি সম্প্রসারণে অবদান, প্রাতিষ্ঠানিক/সমবায়/কৃষক পর্যায়ে উচ্চমানসম্পন্ন বীজ উৎপাদন, সংরক্ষণ, বিতরণ ও নার্সারি স্থাপন, কৃষি উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ প্রকাশনা ও প্রচারণামূলক কাজ, পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন বা ব্যবহার, কৃষিতে নারীদের অবদান, বাণিজ্যিক ভিত্তিতে খামার স্থাপন, বাণিজ্যিক ভিত্তিতে বনায়ন, বাণিজ্যিক ভিত্তিতে গবাদিপশু ও হাঁস-মুরগি চাষ, বাণিজ্যিক ভিত্তিতে মৎস্য চাষ।

আপনার মন্তব্য

আলোচিত