২৮ জুন, ২০২১ ১১:৫৯
রাজধানীর মগবাজারের ৭৯ আউটার সার্কুলার রোডে কয়েকটি ভবনে বিস্ফোরণের ঘটনায় কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। ঘটনাস্থল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ডিএমপি কমিশনার।
তিনি বলেন, ‘যদি জঙ্গি সংশ্লিষ্টতা থাকত, তাহলে ঘটনাস্থলে স্প্লিন্টার ছড়িয়ে ছিটিয়ে থাকতো এবং মানুষ ক্ষতবিক্ষত হয়ে যেত। এ বিস্ফোরণ গ্যাস চেম্বার থেকে হতে পারে। তবে সঠিক কারণ জানতে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে’।
খাবার বিক্রির দোকান শর্মা হাউজ বা এ ধরনের প্রতিষ্ঠানগুলো দেখভালের দায় পুলিশের ওপর বর্তায় কি-না এমন এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনারা দায় দিতে পারেন। তবে এসব প্রতিষ্ঠানের গ্যাস লাইন রয়েছে। এসব ব্যাপার সংশ্লিষ্ট সংস্থাগুলো দেখছে কি না? যদি অবৈধ হয়ে থাকে, উচ্ছেদ করতে গেলে বাধা পেলে আমাদের জানালে আমরা সহযোগিতা করতাম’।
দুর্ঘটনার কারণ জানতে আরও তদন্তের জন্য অপেক্ষা করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে আহতের সংখ্যা নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করছি, ৫০ জন হবে’।
রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণে এই ঘটনা ঘটে। এই বিস্ফোরণের শব্দে আশেপাশের বেশ কয়েকটি ভবন এবং কয়েকটি যাত্রীবোঝাই বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেছেন, গ্যাস জাতীয় কোনো কিছু থেকে বিস্ফোরণের ঘটতে পারে। আহত হয়েছে ৬০ জনের অধিক। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি বলেন, বিস্ফোরণের ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ তদন্ত কমিটি ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলেও জানান তিনি।
আপনার মন্তব্য