সিলেটটুডে ডেস্ক

০৪ আগস্ট, ২০২১ ০২:২৫

টিকা ছাড়াও ঘরের বাইরে বের হওয়া যাবে

করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেয়া ছাড়া ১৮ বছরের বেশি বয়সী কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফেসবুকে সাংবাদিকদের একাধিক গ্রুপে মঙ্গলবার রাত ১২টার পরে ‘জরুরি দৃষ্টি আকর্ষণ’ শিরোনামে লেখা এক বার্তায় এ কথা জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে অনলাইনে অনুষ্ঠিত করোনা পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে মঙ্গলবার সাংবাদিকদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, ১৮ বছর বয়সী কোনো ব্যক্তি ১১ আগস্টের পর করোনা প্রতিরোধী টিকা নেয়া ছাড়া ঘরের বাইরে যেতে পারবেন না। যদি কেউ বের হন তাবে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘যারা ১১ তারিখ থেকে মুভ করবে, ভ্যাকসিন ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কোনো লোক, শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। ১৮ বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি যদি রাস্তাঘাট, গাড়িতে, মোটরসাইকেল বা বাইসাইকেলে, টেম্পো বা বাসে বা ট্রেনে হোক, নো বডি অ্যালাউ টু মুভ, তাদের অবশ্যই ভ্যাকসিননেটেড হতে হবে।’

৭ আগস্ট সারা দেশে প্রান্তিক পর্যায় থেকে শুরু হচ্ছে গণটিকা কার্যক্রম। ১৪ হাজার কেন্দ্রে টানা সাত দিনে এক কোটি মানুষকে টিকার আওতায় আনবে সরকার।

মোজাম্মেল হক বলেন, ‘আমরা তাদের সুযোগ করে দিচ্ছি, অগ্রাধিকার দিচ্ছি, গ্রামে গ্রামে ভ্যাকসিন আমরা পৌঁছিয়ে দিচ্ছি। বলতে পারবে না, আমরা এসে পাই না, শুধু ঢাকা শহরে হবে না, ১৪ হাজার কেন্দ্রে ভ্যাকসিন দেয়া হচ্ছে। আমরা ১১ তারিখ থেকে কঠোরভাবে সেগুলো প্রয়োগ করব।’

করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানাতে সরকার কঠোর হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, ‘এমন কথাও আসছে, যদি তারা আইন না মানে, তাহলে সরকার হয়তো অধ্যাদেশ জারি করবে। যেহেতু এখন পার্লামেন্ট চালু নেই, আইন করতে পারবে না। অধ্যাদেশ জারি করে হলেও কিছু শাস্তি ইনফোর্স করার ক্ষমতা বিভিন্ন লেভেলে দেয়া হতে পারে।’

তিনি বলেন, ‘যদি আমরা দেখি যে আমাদের এ আবেদন-নিবেদন, অনুরোধে কাজ হচ্ছে না, স্বাস্থ্যবিধি মেনে চলছে না, মাস্ক পরিধান করছে না, তাহলে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী কথাগুলো বলার সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন ভূঁইয়া। ওই সময় তারা বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখান নি।

সরকারের এমন সিদ্ধান্তে জনমনে প্রশ্ন তৈরি হলে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে নিউজবাংলা। বেশ কয়েকবার চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এরপর রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে জানায়, ‘টিকা নেয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে বের হতে পারবে না- বলে যে সংবাদটি প্রচার হচ্ছে তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়নি। প্রচারিত এই তথ্য সঠিক নয়।’

বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে এলে, জনমনে যাতে ভুল বোঝাবুঝি তৈরি না হয়, সেজন্য তার নির্দেশেই বার্তাটি গণমাধ্যমে পাঠানো হয়েছে বলেও জানান মাইদুল ইসলাম প্রধান।

আপনার মন্তব্য

আলোচিত