নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

০৫ আগস্ট, ২০২১ ০১:৪৭

রুপবতী হাজরা হত্যা: প্রধান অভিযুক্ত আটক

চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরার স্ত্রী রুপবতী হাজরা (৫০) কে হত্যার অভিযোগে লাল বাহাদুর নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার মধ্যরাতে শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন ইউনিয়ন থেকে তাকে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ৷

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর আটকের সত্যতা নিশ্চিত করে সিলেটটুডেকে বলেন, রুপবতী হাজরা হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত লাল বাহাদুরকে আমরা রাত একটার দিকে উপজেলার সীমান্তবর্তী সিন্দুরখাঁন ইউনিয়ন থেকে আটক করতে সক্ষম হয়েছি,। আমরা ধারনা করছি সে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলো৷

তিনি বলেন, এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক আসামীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার মূল রহস্য উদঘাটন হবে৷

বুধবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুপবতী।

এরআগে বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ পরিবারের। এই হামলায় বিজয় হাজরার ছেলে সাধন হাজরা (৩০) ও ছেলের বউ সাথী হাজরা (২৫) গুরুতর আহত হয়েছেন৷

হতের ছেলে সাধন হাজরা বলেন, আমাদের বাড়ির পাশে সড়কে কিছু গোবর ফেলা হয়েছিলো। কিছুদিন আগে আমাদের প্রতিবেশী লাল বাহাদুর, ধন বাহাদুর ও আশু বাহাদুররা রাস্তার উপর থেকে গোবর সরানোর জন্য বলেন। আমরা তখন বলি, ধান কাটা শেষ হওয়ার পর আমরা গোবর সরিয়ে নিবো৷

সাধন অভিযোগ করে বলেন আজ (বুধবার) বিকেলে লাল বাহাদুর মদ্যপ হয়ে আমাদের গালাগালি শুরু করলে একপর্যায়ে আমি বাধা দেই৷ তখন তারা তিন ভাই লাঠিসোটা নিয়ে আমার উপর হামলা করে এবং আমার মাথায় দা দিয়ে কোপ দেয়৷ এই ঘটনা দেখতে পেয়ে আমার মা ও স্ত্রী ছুটে আসলে আমার মা ও স্ত্রীয়ের মাথায় ও শরীরে আঘাত করে।  আমার মায়ের মাথায় আঘাত করার সাথেসাথে তিনি মাটিতে লুটিয়ে পরে যান৷ পরে পার্শ্ববতী মানুষজন ছুটে এলে লাল বাহাদুর ও তার দুই ভাই পালিয়ে যায়৷

এদিকে ঘটনার পরপরই আহত রুপবতী হাজরাকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে, এবং সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ওসমানী করোনারী কেয়ার ইউনিট (সিসিইউ) তে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটার দিকে মারা যান রূপবতী৷

আপনার মন্তব্য

আলোচিত