০৭ আগস্ট, ২০২১ ১০:১৯
করোনাভাইরাস নিয়ন্ত্রণে দেশব্যাপী গণটিকাদান সম্প্রসারিত আকারে শুরু হয়েছে। শনিবার (৭ আগস্ট) ১৫ হাজারের বেশি কেন্দ্রে এ টিকাদান কর্মসূচি শুরু হয়।
এ কর্মসূচির আওতায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত ৬ দিনে ৩২ লাখ মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরটির মহাপরিচালক এবিএম খুরশেদ আলম এ কর্মসূচির বিষয়ে শুক্রবার জানান, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশে ৪,৬০০ ইউনিয়ন, ১,০৫৪টি পৌরসভা এবং সিটি করপোরেশনের ৪৩৩টি ওয়ার্ডে ১৫ হাজারের বেশি কেন্দ্রে টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।
এছাড়া ইউনিয়ন পর্যায়ের প্রতিটি কেন্দ্রে দিনে ৬০০ ডোজ, পৌরসভা ও সিটি করপোরেশনে দিনে ৪০০ থেকে ৬০০ ডোজ করে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ও বৃহস্পতিবার কর্মসূচির শেষদিন কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে টিকা দেওয়া হবে। তবে কোভিড টিকার অন্য কেন্দ্রগুলোতে আগের মতোই টিকাদান চলতে থাকবে।
এর আগে, স্বাস্থ্যমন্ত্রী ১ কোটি মানুষকে সপ্তাহব্যাপী টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়েছিলেন। যদিও শেষমুহূর্তে এ সংখ্যা কমিয়ে ৩২ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়।
আপনার মন্তব্য