সিলেটটুডে ডেস্ক

০৭ আগস্ট, ২০২১ ১২:২২

দেশে পৌঁছেছে ভারতের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স

ভারত সরকারের পক্ষ থেকে দেয়া উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স দেশে এসেছে। চলতি বছরের মার্চে বাংলাদেশ সফরকালে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই উপহারের প্রথম চালানের ৩০টি অ্যাম্বুলেন্স শনিবার সকালে বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।

ভারতের পেট্রাপোল শুল্ক কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে অ্যাম্বুলেন্সগুলো সকালে বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। আজই বন্দর থেকে সবকটি অ্যাম্বুলেন্স ছাড়পত্র নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে।

ভারতীয় হাই কমিশন সূত্রে জানা যায়, চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলার বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে ৩০টি অ্যাম্বুলেন্স শনিবার সকালে বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে পর্যায়ক্রমে পৌঁছাবে। উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে।

বেনাপোল কাস্টম হাউসের উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, ভারতের পেট্রাপোল স্থলবন্দর সকালে অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দরে এসেছে। ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের নামে এসব অক্সিজেন সংবলিত অ্যাম্বুলেন্স আসার জন্য উত্তরা মোটরস নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট কাস্টমস কার্গো শাখায় গেটপাশ (আইজিএম) এনট্রি করেছেন। বন্দর থেকে অ্যাম্বুলেন্সগুলো ছাড়পত্র নেয়ার জন্য কাজ করছে তারা।

আপনার মন্তব্য

আলোচিত