১৪ আগস্ট, ২০২১ ১২:৪৬
দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা সাপেক্ষে প্রাথমিকভাবে এমবিবিএস ও বিডিএস কোর্সের ২য় বর্ষ ও পঞ্চম বর্ষ বা শেষ বর্ষের ক্লাস শুরু করার পক্ষে মত প্রদান করেছে কোভিড-১৯ মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
শুক্রবার (১৩ আগস্ট) রাতে পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সই করা বিজ্ঞপ্তিতে সরকারের কাছে সুপারিশ করার বিষয়টি জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার (১২ আগস্ট) কমিটির ৪৪তম অনলাইন সভায় এই প্রস্তাব গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা।
বিজ্ঞপ্তিতে সভায় কমিটির সদস্যদের উপস্থিতিতে বিস্তারিত আলোচনা শেষে নেওয়া সুপারিশগুলোর বিষয়ে জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে পরামর্শক কমিটি জানায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ আগামী ২১ আগস্ট বা নিকটবর্তী যেকোনো দিন থেকে এমবিবিএস ও বিডিএস কোর্সের ২য় বর্ষ ও পঞ্চম বর্ষ বা শেষ বর্ষে ক্লাস চালু করার বিষয়ে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত চেয়ে চিঠি পাঠায়। এরপর কমিটির সকল সদস্যরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোমধ্যে এ সকল শিক্ষার্থীদের দুই ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলা সাপেক্ষে প্রাথমিকভাবে এই দুই বর্ষের ক্লাস শুরু করার পক্ষে কমিটি মত প্রদান করেন। এজন্য কিছু সুপারিশও প্রস্তাব করে পরামর্শক কমিটি।
সুপারিশগুলো হলো
ক) ক্লাস শুরুর আগে সকল শিক্ষার্থীদের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওপর প্রশিক্ষণ করাতে হবে।
খ) শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
গ) হাসপাতালের ওয়ার্ডে ক্লাসে শিক্ষার্থীদের সঠিকভাবে সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে।
ঘ) শিক্ষার্থীদের সংক্রমণের ওপর নজরদারি রাখতে হবে।
ঙ) সংক্রমিত শিক্ষার্থীদের চিকিৎসা বা আইসোলেশন এবং তাদের সংস্পর্শে আসা শিক্ষার্থীদের ১৪ দিন কোয়ারেনটাইনের ব্যবস্থা করতে হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজারে বিভিন্ন মানের মাস্ক পাওয়া যায়। তিন লেয়ারের সঠিক মাস্ক উৎপাদন ও বিক্রি নিশ্চিত করার জন্য ঔষধ প্রশাসন অধিদফতরের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও সভা মনে করে।
আপনার মন্তব্য