সিলেটটুডে ডেস্ক

১৬ আগস্ট, ২০২১ ১৪:২৪

নিয়ন্ত্রণহীন মাইক্রোবাস খাদে, দুই চীনাসহ নিহত ৩

মাইক্রোবাস খাদে পড়ে বরগুনার তালতলীর আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের দুই চীনা কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাদের মাইক্রোবাস চালক।

গতকাল রোববার গভীররাতে আমতলী-পটুয়াখালী মহাসড়কের ব্রিকফিল্ড সংলগ্ন কেওয়াবুনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে সোমবার (১৬ আগস্ট) নিশ্চিত করেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার।

নিহতরা হলেন, তালতলী আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের চীনা সাংহাই ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানির সেফটি অফিসার লিওয়েন তাও, প্রকৌশলী লুজিকলং ও দোভাষী প্রকৌশলী মো. ফখরুল হাসান।

নিহত দোভাষী প্রকৌশলী মো. ফখরুল হাসানের বাড়ি ঢাকার গুলশান। তার বাবার নাম মো. আনিসুর রহমান। তবে অন্যদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আহত মাইক্রোবাস চালক মো. মুসা মৃধা পটুয়াখালী সদর উপজেলার খলিশাখালী গ্রামের আব্দুস সালাম মৃধার ছেলে।

ওসি শাহ আলম হাওলাদার জানান, ওই তিন কর্মকর্তা ঢাকা থেকে একটি ভাড়ায় চালিত মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-হ-১৩-১৫৭৪) তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিলেন। পথিমধ্যে আমতলী-পটুয়াখালী মহাসড়কের ব্রিকফিল্ড সংলগ্ন কেওয়াবুনিয়া নামক স্থানে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে সেফটি অফিসার লিওয়েন তাও, প্রকৌশলী লুজিকলং ও দোভাষী প্রকৌশলী মো. ফখরুল হাসান ঘটনাস্থলে নিহত হন।

খবর পেয়ে পুলিশ রাতেই নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত গাড়িচালক মো. মুছা মৃধা করোনায় আক্রান্ত হওয়ায় তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. সাইদুল ইসলাম বলেন, গাড়ি খাদে পড়ে যাওয়ার শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে যাই। কিন্তু গাড়িটি পানির মধ্যে ডুবে থাকায় কিছুই করতে পারিনি। পরে পুলিশ এসে গাড়ির ভেতর থেকে তিনজনের মরদেহ এবং চালককে উদ্ধার করে।

ওসি আরও বলেন, খবর পেয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে থানা আনা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বরগুনা পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক বলেন, আইসোটেক তাপবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ ও চায়না দূতাবাস নিহত দুই নাগরিকের মরদেহ দেশে ফিরিয়ে নেওয়ার সব ব্যবস্থা করবেন।

আপনার মন্তব্য

আলোচিত