১৭ আগস্ট, ২০২১ ১৫:২৯
‘১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার পর বাংলাদেশে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি নেই’ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (১৭ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।
ড. মোমেন বলেন, ‘আফগানিস্তানে জনগণের সরকার হলে আমরা, তাদের সঙ্গে থাকব। আফগানিস্তানের পরিস্থিতি আমরা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের অনুরোধ করেছে, কিছু আফগানকে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য। তবে, আমরা তাদের বলেছি, আশ্রয় দিতে পারলে আমরাও খুশি হতাম, তবে আমরা ইতোমধ্যেই ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। আমাদের নতুন করে আর কোনো শরণার্থীকে আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি নেই।’
বিদেশের মিশনগুলোতে পাসপোর্ট সংকট প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাসপোর্ট সরবরাহ করে পাসপোর্ট অধিদপ্তর। তবে প্রিন্ট করতে না পারার জন্য এই সংকট সৃষ্টি হয়েছে। এখন আবার প্রিন্টিং শুরু হয়েছে।’
আব্দুল মোমেন বলেন, ‘এই ইস্যু নিয়ে আমরা অনেক দিন আলাপ করেছি। আমরা এ নিয়ে অনেক দিন ধরে বকবক করছি। কারণ, অনেক বাঙালির পাসপোর্ট নবায়ন হচ্ছে না। তারা পাসপোর্ট পাচ্ছেন না। এর মূল কারণ হচ্ছেম,পাসপোর্টের প্রিন্টিং আটকে গেছে। এমনকি এখানেও আমরা অনেক পাসপোর্টের জন্য বসে আছি। প্রিন্টিং মেশিনের গন্ডগোল। পাসপোর্ট তো আমরা ইস্যু করি না, এটা পাসপোর্ট অফিস করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় করে। তারা এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে। এখন এটা নিয়ে তারা আগে থেকে চিন্তা করেনি কেন, আমি জানি না।’
আপনার মন্তব্য