২০ আগস্ট, ২০২১ ০১:০৮
বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা ও পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে দায়ী করেছে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন (বিএএসএ)। আইনের মাধ্যমে দুর্বৃত্তদের মোকাবেলা করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশালের ঘটনাবলী বিশ্লেষণ করে দেখা যায় যে, সরকারি কর্তব্য পালন করতে গিয়ে একজন নির্বাহী অফিসার কীভাবে রাজনৈতিক দুর্বৃত্তদের দ্বারা হেনস্তা হয়েছেন। তার বাসায় হামলা করা হয় যেখানে তার করোনা আক্রান্ত অসুস্থ পিতামাতা উপস্থিত ছিলেন।
নির্বাহী অফিসারকে গালিগালাজ করা হয়েছে এমন অভিযোগ করে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তার বাড়ির গেট ভেঙে প্রবেশ করা হয়েছে, আগ্নেয়াস্ত্র ও গুলির ব্যবহার করা হয়েছে এবং তার চামড়া তুলে নেওয়ার জন্যে প্রকাশ্যে স্লোগান দেওয়া হয়েছে।
মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে দায়ী করে এতে আরও বলা হয়, মেয়র ও তার দুর্বৃত্ত বাহিনী সিটি করপোরেশনের কর্মচারীদের দিয়ে নানা প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন এবং সমস্ত জেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।
বরিশালের মেয়রের অত্যাচারে অতিষ্ঠ সমগ্র বরিশালবাসী এমন অভিযোগ করে মেয়রকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
তারা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারী অত্যন্ত আস্থাবান। তার দেশপ্রেমের চেতনা ধারণ করে সবাই কাজ করছে। আমরা দায়িত্ব-কর্তব্য পালনে সচেষ্ট থাকব, একই সঙ্গে এসব রাজনৈতিক দুর্বৃত্তকে আমরা আইনের মাধ্যমেই মোকাবেলা করব।
‘আইনের শাসনের মাধ্যমে স্বচ্ছ জবাবদিহিতামূলক ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর যে অভিপ্রায় সে ব্যাপারে সবাই অঙ্গীকারবদ্ধ এবং কোন পরিস্থিতিতেই তারা সেই পথ থেকে বিচ্যুত হবে না।'
আপনার মন্তব্য