সিলেটটুডে ডেস্ক:

২৩ ফেব্রুয়ারি , ২০২২ ২১:৫৬

সরকার মাথাপিছু আয় ও রিজার্ভ নিয়ে মিথ্যা বলছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বৈদেশিক মুদ্রার মজুদ ও মাথাপিছু আয় বৃদ্ধির বিষয়ে সরকার জনগণকে মিথ্যা পরিসংখ্যান দিচ্ছে। তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মিথ্যাচার করছে। আওয়ামী লীগের চরিত্র এটাই।

আজ বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কৃষক দলের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনজন কৃষক জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য ফরম পূরণ করে মহাসচিবের হাত থেকে সদস্যপদ গ্রহণ করেন। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বক্তব্য দেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার ৪৬ বিলিয়ন ডলারের রিজার্ভের কথা বলছে। এটা ভুয়া সংখ্যা। আইএমএফ বলছে, সরকার ১৫ ভাগ বাড়িয়ে বলছে। অর্থাৎ প্রায় সাত বিলিয়ন ডলার কম। অন্যদিকে সরকার মাথাপিছু আয় বাড়ার কথা বলছে। তাহলে কৃষক শফিউদ্দিন আত্মহত্যা করলেন কেন? টিসিবির ট্রাকের পেছনে এত লম্বা লাইন কেন? কেন ট্রাকের পেছনে মধ্যবিত্তরা দৌড়াচ্ছেন?

তিনি বলেন, সরকার কথায় কথায় উৎপাদনের তথ্য দিচ্ছে। অথচ বাংলাদেশকে এখনও ৬৭ লাখ টন খাদ্যশস্য আমদানি করতে হচ্ছে। খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণতা লাভের দাবি ভাঁওতাবাজি ছাড়া আর কিছু নয়।

মির্জা ফখরুল বলেন, কৃষকদের সরকার চরম বিপাকের মধ্যে ফেলে দিয়েছে। এই সরকার বলেছিল ১০ টাকা কেজিতে চাল খাওয়াবে। আর এখন চালের কেজি ৬০-৭০ টাকা। কৃষকদের বলেছিল বিনা পয়সায় সার দেবে। এখন সারের দাম তিন-চার গুণ বেশি। তারা বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে। সাধারণ মানুষ চাকরি পায় না। চাকরি পেতে ২০-২৫ লাখ টাকা ঘুষ দিতে হয়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনের দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, প্রতিটি জিনিসের দাম ১০-১৫ গুণ বেড়ে গেছে। গ্যাস-পানি-বিদ্যুতের দাম বেড়ে গেছে। মানুষ বিক্ষুব্ধ, তারা দূর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে। এই অবস্থা থেকে মানুষ বেরিয়ে আসতে চায়। তাই সংগঠনকে শক্তিশালী করুন। শিগগির কর্মসূচি দেওয়া হবে। তাতে কৃষকদের সম্পৃক্ত করতে হবে। এই অন্ধকার কেটে যাবে, আলো আসবেই।

কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় কৃষক দলের হেলালুজ্জামান তালুকদার লালু, গৌতম চক্রবর্তী, মোশাররফ হোসেন, ওমর ফারুক শাফিন, ওবায়দুর রহমান টিপু প্রমুখ বক্তব্য দেন অনুষ্ঠানে।

আপনার মন্তব্য

আলোচিত