২৮ ফেব্রুয়ারি , ২০২২ ১১:৫২
চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকার একটি বাড়ী থেকে তরুণীর গলাকাটা ও তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ বলছে, বিয়ের খবর শুনে প্রেমিকা অন্বেষা চৌধুরী আশা (২২)কে হত্যা করে জয় বড়ুয়া (২৩) নামের তরুনটি আত্মহত্যা করে। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
জয় বড়ুয়া বড়ুয়াপাড়ার নিরেন্দ্র বড়ুয়ার ছেলে। হত্যার শিকার অন্বেষা চৌধুরী একই এলাকার রঞ্জিত চৌধুরীর মেয়ে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, দুজনই এবার এসএসসি পাস করেছে। প্রায় দুই বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল। এর মধ্যে আগামী ১০ মার্চ অন্বেষার বিয়ে ঠিক করে পরিবার। বিষয়টি জানতে পেরে রোববার (২৭ ফেব্রুয়ারি) মেয়েটিকে নিজ বাড়িতে ডেকে নেয় জয়।
তিনি আরও বলেন, রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জয় তার চাচার একটি পরিত্যক্ত বাড়িতে অন্বেষাকে নিয়ে যায়। এ সময় প্রথমে শ্বাসরোধে হত্যার পর মৃত্যু নিশ্চিত করতে গলায় ছুরিকাঘাত করে জয়। পরে নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনাটির ধরন দেখে এটাই মনে হচ্ছে আপাতত। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। তবে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।
পাহাড়তলী ইউনিয়নের বড়ুয়াপাড়ার ওয়ার্ডের সদস্য সালাউদ্দিন কাদের বলেন, এ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রেম সম্পর্কিত বিষয় নিয়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ তদন্ত করছে।
আপনার মন্তব্য