সিলেটটুডে ডেস্ক

২০ মার্চ, ২০২২ ১৫:৫০

শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় যাত্রীসহ লঞ্চডুবি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী এমএম আশরাফ উদ্দিন নামের একটি লঞ্চডুবির ঘটনা ঘটেছে। সদর উপজেলার আলামিন নগর এলাকায় রোববার (২০ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় ১৫ থেকে ২০ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে ঠিক কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে তা কেউ নিশ্চিত করতে পারেনি।

নৌপুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ সদর থেকে এম এম আশরাফ উদ্দিন নামে একটি লঞ্চ মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল। উপজেলার আলামিন নগর কয়লা ঘাট এলাকায় পৌঁছালে রূপসী-৯ নামে একটি কার্গো জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। লঞ্চে ৫০-৬০ জন যাত্রী ছিল। ২০-২৫ জন নদীতে ঝাঁপ দিয়ে তীরে উঠলেও বাকিদের নিয়ে লঞ্চটি তলিয়ে যায়। নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আছেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ‘এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য নেই। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। আমাদের ডুবুরী দল ডুবে যাওয়া লঞ্চটির ভেতরে অনুসন্ধান চালাচ্ছে’।

আপনার মন্তব্য

আলোচিত