সিলেটটুডে ডেস্ক

২১ মার্চ, ২০২২ ১১:১৮

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূর থেকে মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ নিয়ে সাতজনের মরদেহ উদ্ধার হলো।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, উদ্ধার করা মরদেহটি একজন যুবকের। তার বয়স আনুমানিক ৩০ বছর। পরনে গ্যাবাডিং প্যান্ট ও হাফ হাতা টি-শার্ট রয়েছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের এই কর্মকর্তা বলেন, যেসব লোকেরা তাদের স্বজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তাদের মধ্যে কয়েকজনকে দেখালেও তারা মরদেহ শনাক্ত করতে পারেননি। এ নিয়ে এখন পর্যন্ত সাত জনের লাশ উদ্ধার করা হলো।

এর আগে ডুবে যাওয়া এমভি আশরাফ উদ্দিন নামের লঞ্চটি ‘৫৫ হাত’ পানির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে লঞ্চটি টেনে তুলে নদীরে তীরে আলামিননগর এলাকায় রেখেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, লঞ্চডুবির ঘটনায় প্রতিটি মরদেহের সঙ্গে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। উদ্ধার কাজ এখনও চলছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রোববার দুপুরে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় এমভি আশরাফ উদ্দিন নামে মুন্সীগঞ্জগামী একটি লঞ্চ ডুবে যায়। চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল এমভি আশরাফ উদ্দিন। কিন্তু পথে এমভি রূপসী-৯ নামে একটি কার্গোবাহী জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চটি মুহূর্তের মধ্যেই ডুবে যায়।

এসময় ১৫ থেকে ২০ জন যাত্রী সাঁতারে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে ঠিক কতজন যাত্রী ছিলেন তা কেউ নিশ্চিত করতে পারেনি।

আপনার মন্তব্য

আলোচিত