সিলেটটুডে ডেস্ক

২৩ মার্চ, ২০২২ ১৪:১০

ভগ্নিপতির ঢেলে দেওয়া গরম পানিতে ঝলসে গেলেন ২ ভাই

রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকার একটি বাসায় ভগ্নিপতির দেওয়া গরম পানিতে ঝলসে গেছে শ্যালক ও সুমন্দি। রাসেল (৩৪) ও বাবু (২৪) নামে ওই দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুরাতন বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা দু'জনই রিকশা চালক।

বুধবার (২৩ মার্চ)  ৪টার দিকে ঢাকা উদ্যান তেলের পাম্পের পাশে সাগর ফার্মেসি সংলগ্ন একটি বাড়ির নিচতলায় ঘটনাটি ঘটে।

দগ্ধ বাবুর বড় বোন হোসনে আরা জানান, তিনি স্বামী আতাউর রহমান ও ছোট ভাই বাবুকে নিয়ে মোহাম্মদপুরের বাসাটিতে ভাড়া থাকেন। দুই দিন আগে তার বড় ভাই রাসেল গাজীপুর থেকে ওই বাসায় বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে হোসনে আরা ও তার স্বামী আতাউরের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। তখন বাবু তাদের থামাতে গেলে তার সঙ্গেও চড়াও হন আতাউর। তখন তাদের মধ্যে সামান্য হাতাহাতি হয়।

তিনি বলেন, ভোরে যখন একই রুমে সবাই ঘুমিয়ে ছিলেন তখন আতাউর রান্নাঘরে গিয়ে গরম পানি করে। এর কিছুক্ষণ পর সেই গরম পানি রুমে নিয়ে বাবু ও রাসেলের শরীর ঢেলে দেয়। এতে তাদের দু'জনের মুখ, বুক ও পেটসহ শরীরের বেশ কিছু অংশ দগ্ধ হয়।

পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেল পুরাতন বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করানো হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, তাদেরকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রাসেলের শরীরের ১৪ শতাংশ ও বাবুর ১৮ শতাংশ পুড়ে গেছে। ঘটনাটি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত