সিলেটটুডে ডেস্ক

২৫ মার্চ, ২০২২ ১২:৫৭

নরসিংদী-রায়পুরা সড়কে ৪ জনের প্রাণহানি

নরসিংদীর রায়পুরায় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালকসহ চারজনের প্রাণ গেছে। এ ঘটনায় এক নারী আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ এলাকার নরসিংদী-রায়পুরা সড়কে এ দুর্ঘটনায় হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ওসি আজিজুর রহমান।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আবদুল্লাহপুর এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে আইনউদ্দীন (৩৫), ছিদ্দিক মিয়ার ছেলে কাইয়ুম মিয়া (১৮) ও বাহেরচর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২)। মৃত অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত রিমা আক্তারকে (২০) নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, রায়পুরা থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি নরসিংদী শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা নরসিংদী থেকে রায়পুরাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালকসহ চারজনের মৃত্যু হয়।

খবর পেয়ে আমীরগঞ্জ ফাঁড়ি পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে এবং লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আপনার মন্তব্য

আলোচিত