সিলেটটুডে ডেস্ক

২৭ মার্চ, ২০২২ ০৯:১৮

রুপপুরে ছুরিকাঘাতে কাজাখস্তানের নাগরিক নিহত, আটক ৩

পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত কাজাখস্তানের এক নাগরিক ছুরিকাঘাতে খুন হয়েছেন। এসময় একজন কাজাখস্তানের নাগরিক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (২৬ মার্চ) সন্ধ্যার পর ঈশ্বরদীর রুপপুর আবাসিক প্রকল্প গ্রিনসিটি প্রকল্পের ৬ নম্বর ভবনের একটি কক্ষে এ ঘটনা ঘটে।

ঘটনায় জড়িত সন্দেহে তিন বেলারুশ নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহতের নাম ভ্লাদিমির (৫২)।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করে জানান, আর্থিক লেনদেনের বিষয় নিয়ে কয়েকজন বেলারুশীয় নাগরিকের সঙ্গে কাজাখস্তানের ওই নাগরিকের মধ্যে সৃষ্ট মারামারির ঘটনায় এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত কাজাখস্তানের নাগরিক ভ্লাদিমির রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিকিম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে আর্থিক লেনদেন নিয়ে বেলারুশ নাগরিকদের সাথে কাজাখস্তান নাগরিক ভ্লাদিমির’র দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জেরে শনিবার সন্ধ্যার পর গ্রিনসিটি প্রকল্পের ৬ নম্বর ভবনের একটি কক্ষে ছুরিকাঘাতে তিনি মারা যান। আহত হন আরেকজন।

নিহত কাজাখস্তান নাগরিকের পিঠের দিকে ৪-৫টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনা জানার পর পুলিশ ঈশ্বরদী উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে রুপপুর প্রকল্পের গ্রিনসিটির আবাসিক ভবনে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ভাষাগত সমস্যার কারণে পুরো ঘটনা বুঝতে সমস্যা হচ্ছে পুলিশের। পরে বিস্তারিত জানানো যাবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

আপনার মন্তব্য

আলোচিত