সিলেটটুডে ডেস্ক

২৮ মার্চ, ২০২২ ০৩:২৭

ছাড়া পেলেন আশিকুর

রাজধানীর আজিমপুরের একটি ভাড়া বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রোববার সন্ধ্যায় ওই ছাত্রকে তার বাবা ও নিজ বিভাগের চেয়ারম্যানের হাতে তুলে দেন ডিবি কর্মকর্তারা। এ সময় ডিবি কর্মকর্তারা ওই ছাত্রকে ‘ভালো ছেলে’ বলে আখ্যা দেন।

শনিবার রাত ১২টার দিকে আজিমপুরের ভাড়া বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (চতুর্থ বর্ষ) শিক্ষার্থী আশিকুর রহমানকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। তার সন্ধান ও মুক্তি দাবি করে বাবা, শিক্ষক, সহপাঠী ও অন্য শিক্ষার্থীরা রোববার বিকেলে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন। সেখানে বলা হয়, আশিকুরকে তুলে নিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন অস্বীকার করছে।

এরপর সন্ধ্যায় ডিবি কার্যালয়ে যান আশিকুরের বাবা সিরাজুল ইসলাম ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ রুহুল আমিন। পরে অধ্যাপক রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, ‘ডিবি আশিকুর রহমানের সঙ্গে কথা বলতে চেয়েছিল। কারণ, সে যে এলাকায় থাকে, সেখানে হয়তো কোনো বিষয় বা গুরুত্বপূর্ণ কিছু থাকতে পারে। হি ওয়াজ ওয়েল ট্রিটেড (তার সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছে)। ডিবি আমাকে বলেছে, আশিকুর খুব ভালো ছেলে।’

চেয়ারম্যান আরও বলেন, ‘ডিবি শুধু কথা বলতে চেয়েছে, কিন্তু ক্যাম্পাসে একটা ভুল খবর ছড়িয়ে গেছে। আমি ও আশিকুরের বাবা আজ সন্ধ্যায় ডিবি কার্যালয়ে গিয়েছিলাম। আমাদের সঙ্গে ডিবির উচ্চপদস্থ কর্মকর্তারা অত্যন্ত ভালো ব্যবহার করেছেন। মুরব্বি হিসেবে তাকে আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে।’

ঘণ্টাখানেক আগে আশিকুর নিরাপদে বাসায় ফিরে গেছে জানিয়ে চেয়ারম্যান আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা করেছে। তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের বিভাগের শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা।’

আপনার মন্তব্য

আলোচিত