০৩ এপ্রিল, ২০২২ ১৫:২৮
টিপ পরায় পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির লাঞ্ছনার শিকার হয়েছেন ড. লতা সমাদ্দার নামে তেজগাঁও কলেজের এক প্রভাষক। এ সময় তার গায়ের ওপর মোটরসাইকেল উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে থানায় অভিযোগ করেছেন তিনি। রাজধানীর ফার্মগেটের সেজান পয়েন্টের পাশে শনিবার (২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
এ বিষয়ে শেরে বাংলা নগর থানায় অভিযোগ করেছেন ড. লতা সমাদ্দার। লিখিত অভিযোগে বলা হয়, শনিবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার বাসা থেকে রিকশায় করে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে নামেন। সেখান থেকে হেঁটে কর্মস্থল তেজগাঁও কলেজের দিকে যাচ্ছিলেন। সেজান পয়েন্টের সামনে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি মোটরসাইকেলের ওপর বসেছিলেন। তার মোটরসাইকেলের নম্বর-১৩৩৯৭০।
লতা সমাদ্দার অভিযোগে উল্লেখ করেন, ‘পাশ দিয়ে যাওয়ার সময় কপালে টিপ পরা নিয়ে ওই ব্যক্তি আমাকে কটূক্তি করেন। একপর্যায়ে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পেছনে ফিরে ঘটনার প্রতিবাদ করায় তিনি আরও গালিগালাজ করেন। পরে পুলিশের পোশাক পরা ওই ব্যক্তি আমার গায়ের ওপর মোটরসাইকেল চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। সরে গিয়ে রক্ষা পেলেও শারীরিকভাবে আহত হই।’
ট্রাফিক পুলিশকে বিষয়টি জানালেও ব্যবস্থা না নিয়ে থানায় অভিযোগ করার পরামর্শ দেন বলে জানান প্রভাষক লতা সমাদ্দার।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। কলেজে যাওয়ার পথে সেজান পয়েন্টের পাশে তাকে উত্যক্ত করা হয় বলে জেনেছি। পরে তাকে হত্যাচেষ্টারও অভিযোগ তোলা হয়েছে। লোকটি পুলিশের পোশাক পরা ছিলেন বলে তিনি অভিযোগ করেছেন।’
অভিযোগের বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার বলেন, ‘শিক্ষিকার অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ড করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তি থানা পুলিশের না-কি ট্রাফিক বিভাগের, তা তদন্ত হচ্ছে।’
আপনার মন্তব্য