সিলেটটুডে ডেস্ক

০৭ এপ্রিল, ২০২২ ১২:২৫

ই-অরেঞ্জের গ্রাহকদের পাচার হওয়া অর্থ ফেরত আনতে নির্দেশ

অনলাইন শপ ই-অরেঞ্জের গ্রাহকদের পাচার হওয়া অর্থ ফেরত এনে ভুক্তভোগীদের মধ্যে বণ্টন করার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেয়া হয়। একই সঙ্গে এ বিষয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

গত ৩ এপ্রিল ৭৭ কোটি ৪৬ লাখ টাকা ফেরত দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন ই-অরেঞ্জের প্রতারণার শিকার ৫৪৭ গ্রাহক। রিটে টাকা আত্মসাতের ঘটনার সুষ্ঠু তদন্ত চাওয়া হয়েছে।

পাঁচ শতাধিক গ্রাহকের পক্ষে ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম এ রিট আবেদন দায়ের করেন। দুদক, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

২০০৭ সালে যাত্রা শুরু করে অনলাইন শপ ই-অরেঞ্জ। গত বছরের মাঝামাঝি থেকে টাকা নিয়েও সময় মতো পণ্য সরবরাহ না করার অভিযোগ তোলেন গ্রাহকরা।

পণ্য ডেলিভারি না দেওয়া এবং অগ্রিম অর্থ ফেরত না দেওয়ায় ই-অরেঞ্জের বিরুদ্ধে ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন গ্রাহকরা। ওই মামলায় প্রতিষ্ঠানটির মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান এখন কারাগারে রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত