১৪ ডিসেম্বর, ২০১৫ ২০:১৬
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় গ্রেপ্তার হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পেজ ‘মজা লস?’-এর অ্যাডমিন রেফায়েত জামিন পেয়েছেন।
সোমবার (১৪ ডিসেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক জেসমিন আরা বেগম তাকে জামিনে মুক্তির আদেশ দেন।
গ্রেপ্তারকৃত আসামি রেফায়েত আহমেদকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ১০ ডিসেম্বর গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে আদালত দুই দিন রিমান্ড মঞ্জুর করেন। দুদিনের রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করা হয়।
পাশাপাশি মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হলে আদালত আসামির বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য-প্রমাণ না পাওয়ায় জামিন মঞ্জুর করেন।
রেফায়েতের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী নূর মোর্শেদ। তিনি সংবাদমাধ্যমকে বলেন, এই মামলায় আসামির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। পুলিশ আসামির বিরুদ্ধে আনা অভিযোগের সপক্ষে কোনো ধরনের তথ্যপ্রমাণ উপস্থাপন করতে পারেনি। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে অভিযোগের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। সার্বিক বিবেচনায় আদালত একজন আইনজীবীর জিম্মায় জামিনে মুক্তির আদেশ দিয়েছেন।
আপনার মন্তব্য