সিলেটটুডে ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০১৫ ১৭:৪০

ব্লগার রাজীব হত্যার রায় ৩১ ডিসেম্বর

ব্লগার ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক আহমেদ রাজীব হায়দার শোভন হত্যা মামলার রায় আগামী বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দেয়া হবে বলে জানিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

সোমবার (২৮ ডিসেম্বর) মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ বছরের শেষ কর্মদিবসে এই রায়ের দিন ধার্য করেন।

সোমবার আসামিপক্ষে যুক্তিতর্ক শেষ হয়। আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল, ফারুক আহমেদ ও জসিম উদ্দিন। এর আগে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পিপি মাহবুবুর রহমান।

বিচার শেষে প্রথম কোন ব্লগার হত্যার রায় হবে এটি।

মামলায় অভিযুক্তরা হলেন, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মোহাম্মদ জসীমউদ্দিন রাহমানি, ঢাকার খিলক্ষেত চৌধুরীপাড়ার মো. ফয়সাল বিন নাঈম দীপ (২২), ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পোড়াপাড়া গ্রামের মো. এহসান রেজা রুম্মান (২৩), ঢাকার কেরাণীগঞ্জ থানার ধলেশ্বর গ্রামের মাকসুদুল হাসান অনিক (২৩), ব্রাহ্মণবাড়িয়া জেলার কলেজপাড়ার নাঈম ইরাদ (১৯), চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার হারামিয়া গ্রামের নাফিজ ইমতিয়াজ (২২), ঢাকার কলাবাগান থানার ভুতের গলির সাদমান ইয়াছির মাহমুদ (২০) ও ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার জয়লস্করের রেদোয়ানুল আজাদ রানা (৩০)।

প্রসঙ্গত, ২০১৩ সালে শাহবাগ আন্দোলন শুরু হওয়ার কিছুদিন পরই ১৫ই ফেব্রুয়ারি ঢাকার পল্লবী এলাকায় ব্লগার রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত