২৫ জুন, ২০২৩ ২৩:৩৭
বিগত মেয়রদের অপরিকল্পিত উন্নয়নের কারণে বর্ষা মৌসুমে সিলেট নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে অভিযোগ করেছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
তিনি বলেছেন, ‘বর্ষা মৌসুমে সিলেট মহানগরীতে জলাবদ্ধতা সৃস্টি হয়। এজন্য আমাদের সুরমা নদী খনন করতে হবে, শহর রক্ষা বাঁধ তৈরি করতে হবে। এর জন্য একটি মহাপরিকল্পনার প্রয়োজন। যারা পানি নিয়ে কাজ করেন, যারা বন্যা নিয়ে কাজ করেন, তাদের সঙ্গে কথা বলে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হবে।
রোববার (২৫ জুন) রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, বিগত মেয়রদের অপরিকল্পিত উন্নয়নের কারণে বর্ষা মৌসুমে সিলেট নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা দূর করা হবে। তারা কাজ করেছেন কিন্তু এটি প্ল্যান করে আরও ভালোভাবে কাজ করা উচিত ছিল।
মেয়র আরও বলেন, এই সিলেটকে নিয়ে মানুষের স্বপ্নের শেষ নেই। আমাকে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব সর্বোচ কাজ করার।
এর আগে সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় পৌঁছে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
আপনার মন্তব্য