সিলেটটুডে ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৬ ১৪:৫৬

নিষিদ্ধ সংগঠনের সংবাদ প্রকাশে সতর্ক থাকার পরামর্শ দিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম, প্রচার-প্রচারণা ও সংশ্লিষ্ট বিষয়গুলো সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিদ্যমান আইন এবং সরকারি প্রজ্ঞাপনের বিধিনিষেধ মেনে চলার জন্য গণমাধ্যমকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

২০২৫ সালের ১২ মে প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনের কথা উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী জানান, ওই প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দেশের স্থিতিশীলতা বিনষ্ট কিংবা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, এমন সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি প্রজ্ঞাপনের বিষয়বস্তু ও বিধিনিষেধের প্রতি দায়িত্বশীল থাকতে হবে।

বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে তিনি জানান, সরকার বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো সংবাদ প্রকাশ বা বর্জনের জন্য সরকার কিংবা সরকারের কোনো সংস্থা গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করে না। সাংবাদিকরা স্বাধীনভাবে ও খোলামনে বাস্তবভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করবেন।

সরকারের ভুল-ত্রুটি থাকলে তা তুলে ধরার পাশাপাশি দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকারের উদ্যোগগুলোও তুলে ধরার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বিগত ১৭ বছরে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, সংবাদমাধ্যম ও গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধ, সাংবাদিকদের হয়রানি, গুম ও হত্যার মতো ঘটনা গণমাধ্যমকর্মীদের মধ্যে যে ভীতি তৈরি করেছিল, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সময় প্রয়োজন।

তবে সরকার দায়িত্ব গ্রহণের পর গত ৮-৯ মাসে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি এসব ইতিবাচক পরিবর্তনও গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।

অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন ও স্বীকৃতির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, অনলাইন পোর্টালগুলোর নিবন্ধন, স্বীকৃতি ও সুযোগ-সুবিধার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এ বিষয়ে কয়েক সপ্তাহ ধরে পর্যালোচনা চলছে। কীভাবে অনলাইন সংবাদমাধ্যমগুলোকে নিবন্ধনের আওতায় আনা যায়, সে বিষয়ে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বাজেট ও জনস্বার্থের বিষয়গুলো বিবেচনায় নিয়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে, যা রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয়।

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে এবং ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা চলছে বলে তিনি জানান।

সভায় অনলাইন এডিটরস ফোরামের নেতারা নিবন্ধিত অনলাইন গণমাধ্যমে সরকারি বিজ্ঞাপন প্রদান, অনলাইন সংবাদমাধ্যমের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করা এবং ফেসবুক থেকে অর্জিত আয়ের অংশ পাওয়াসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

তারা একটি লিখিত প্রস্তাবনা পেশ করেন। প্রতিমন্ত্রী তাদের দাবি-দাওয়াগুলো লিপিবদ্ধ করা হয়েছে জানিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক রাজনীতি.কমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু, সদস্যসচিব ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, প্রধান পৃষ্ঠপোষক সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনূছ এবং সদস্য ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুণ জামিল, খবরের সংযোগের সম্পাদক নজরুল ইসলাম, দেশ সমাচারের সম্পাদক শাহাদাত হোসেন বক্তব্য দেন।

আপনার মন্তব্য

আলোচিত