নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২৬ ২২:০৩

আগে ফেসবুকে আগুনের গুজব, পরে সিলেটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

ছবি: সংগৃহীত

দুইদিন আগে সামাজিক মাধ্যমে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের আগুনের একটা ছবি ছড়িয়ে পড়েছিল। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) তৈরি এই ভিডিও দেখে অনেকেই বিভ্রান্ত হলেও পরে আগুন লেগেছে সিলেট নগরের গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে।

সিলেট নগরের শাহজালাল উপশহরে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ের উত্তর ও পূর্ব পাশে আগুন দেয়। এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি ও গ্যারেজে রাখা আঞ্চলিক ব্যবস্থাপকের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গ্রামীণ ব্যাংকের সিলেট আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপশহরের এইচ ব্লকের ১ নম্বর সড়কের ২৩২/১ নম্বর বাড়িতে তাদের কার্যালয়। রাত পৌনে ৩টার দিকে দুর্বৃত্তরা পলিথিনের প্যাকেটে তরলজাতীয় জ্বালানি নিয়ে এসে প্রথমে ভবনের উত্তর পাশে এবং পরে পূর্ব পাশে আগুন দেয়। এরপর গ্যারেজে রাখা তার গাড়িতেও আগুন দেওয়া হয়।

আবুল হোসেন বলেন, ‘কার্যালয়ের পাহারাদার আগুন দেখতে পেয়ে আমিসহ অন্যদের খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও শাহপরান থানায় খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় কয়েকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, পুড়ে যাওয়া নথির মধ্যে বিভিন্ন ধরনের সার্কুলারসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। এ ছাড়া তার গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। এ ঘটনায় তিনি বাদী হয়ে শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিস সিলেট সদরের লিডার ক্ষিতিশ কুমার দাস বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে দেখতে পান। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরাই আগুন নিভিয়েছেন। ক্ষয়ক্ষতি নিরূপণে ব্যাংক কর্তৃপক্ষ আবেদন করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তদন্ত করা হতে পারে।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমদ জিডি করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।’

আপনার মন্তব্য

আলোচিত