সিলেটটুডে ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৬ ০৯:৪৪

দেশ ছাড়ার সময়ে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

দেশ ছাড়ার সময়ে নব্বইয়ের দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে তিনি দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। এরপর তিনি ইমিগ্রেশনে আসলে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, সংবাদ মাধ্যমকে তার পাসপোর্ট নম্বর জানানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে তাকে ডিএমপি ডিবিতে হস্তান্তর করা হয়।

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন সুইডেন আসলাম। অস্ত্র আইনের দুটি মামলায় তার যাবজ্জীবন এবং ১৭ বছরের কারাদণ্ড হয়। এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে অব্যাহতি পান। এবং তেজগাঁওয়ের যুবলীগের নেতা গালিব হত্যা মামলায় তিনি জামিনে মুক্তি পান। ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

শেখ আসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকার মৃত শেখ জিন্নাত আলীর ছেলে।

চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন শেখ আসলাম। ১৯৮৬ সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এরপর তাঁর বিরুদ্ধে একের পর এক খুনের ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠতে থাকে। একপর্যায়ে কিছুদিন তিনি সুইডেনে অবস্থান করেন। সেখান থেকে ফিরে আসার পর ‘সুইডেন’ শব্দটি নামের সঙ্গে যুক্ত হয়ে যায়।

আপনার মন্তব্য

আলোচিত