২৭ নভেম্বর, ২০২৬ ১৪:১১
ছবি: সংগৃহীত
ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করলে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) বিষয়টি তুলবে বলে জানিয়েছন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
পাকিস্তান সফরকালে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিবিসি উর্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘ভারত যদি আমাদের অনুরোধে সাড়া না দেয়, তাহলে আমরা আন্তর্জাতিক বিচার আদালতে যাব।’ শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।
স্পিকারের এ বক্তব্য এমন এক সময়ে এলো, যখন শেখ হাসিনার মুখপাত্র সম্প্রতি জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তিনি বাংলাদেশে ফিরতে চান। এ জন্য ভারতের দিল্লি থেকে দেশে ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন শেখ হাসিনা। তবে সরকার তার এ প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়েছে, প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত থেকে তাকে ফিরিয়ে আনার মাধ্যমেই কেবল তার দেশে ফেরা সম্ভব।
বিবিসি উর্দুর প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে তার সমর্থকদের মনোবল ধরে রাখার প্রচেষ্টা হিসেবে দেখছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি মনে করেন, শেখ হাসিনা বাস্তবে বাংলাদেশে ফিরবেন না।
এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের অবস্থানও নতুন করে আলোচনায় এসেছে। গত বুধবার (২৫ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ ভারতের প্রচলিত নিয়ম ও প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। তবে কোনো নাগরিকের ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফেরার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা বলেও উল্লেখ করেন তিনি।
এর জবাবে বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার ক্ষেত্রে স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি প্রযোজ্য নয়। তার বিরুদ্ধে আদালতের রায় রয়েছে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। তাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, একজন সন্ত্রাসীকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দেওয়ার চ্যালেঞ্জ ও জটিলতা ভারতও এখন বুঝতে পারছে। শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য ও আচরণ ভারতের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলনের মুখে বিমান বাহিনীর উড়োজাহাজে করে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি নয়াদিল্লিতে অবস্থান করছেন। গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আন্দলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড দেন। তার অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। তবে শেখ হাসিনা এ মামলার অভিযোগ ও বিচারপ্রক্রিয়া প্রত্যাখ্যান করেছেন।
আপনার মন্তব্য