১৪ জুলাই, ২০১৬ ২০:০৩
ধারাবাহিক জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে জুমার খুতবার ওপর নজরদারি ও কিছু মাদরাসা বন্ধের উদ্যোগের সরকারি সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মন্তব্য করেছে ইসলামী ঐক্যজোট (একাংশ)।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছে ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়া ইসলামী এই দলটি। লিখিত বক্তব্যে দলটির মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি বিনষ্ট করে দেশকে সাম্প্রদায়িক, অকার্যকর ও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে ঘোলা পানিতে মাছ শিকার ও রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে একটি চক্র।
তিনি আরও বলেন, সরকার যে জুমার খুতবা ও কিছু মাদরাসা বন্ধের উদ্যোগ নিয়েছে সেটা অযৌক্তিক। এতে সাধারণভাবে খতিব ও মাদরাসার দিকে সন্দেহের বীজ বপন করা হচ্ছে।
তিনি বলেন, ধর্মীয় শিক্ষার অভাবে শিক্ষার্থী বিপথগামী হচ্ছে। এক প্রশ্নের জবাবে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, অতীতে যেসব আলেমদের দোষারোধ করা হয়েছে সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে তাদের জড়িত থাকার প্রমাণ মেলেনি। সংবাদ সম্মেলনে ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য