নিউজ ডেস্ক

১৬ জুলাই, ২০১৬ ১৮:৫৫

সংসদের মুলতবি অধিবেশন বসছে রোববার

টানা ১৬ দিন বিরতি শেষে রবিবার বিকেল সাড়ে পাঁচটায় বসছে জাতীয় সংসদের অধিবেশন। গত ৩০ জুন সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পাসের পর ওইদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন মুলতবি করেন। সংসদের কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অধিবেশন আগামী ২৮ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।

অধিবেশনের আগামী কার্যদিবসগুলোতে বিচারপতিদের বেতনভাতা বৃদ্ধিসহ বেশ কয়েকটি বিল পাসের কথা রয়েছে বলে জানা গেছে সংসদ সচিবালয় সূত্রে। এছাড়া গত ১ জুলাই গুলশান হামলা এবং ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সংসদে শোক প্রস্তাব উত্থাপনসহ এই বিষয়ে আলোচনা হতে পারে।

এদিকে মুলতবি অধিবেশনের শুরুর দিন দু’টি বিল পাস হচ্ছে বলে দিনের কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে। বিলগুলো হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি। এছাড়া প্রথম দিনে সড়ক পরিবহন ও সেতু বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত