সিলেটটুডে ডেস্ক

০৩ নভেম্বর, ২০১৯ ১৩:১১

৪০ দিনের মধ্যে ওসি মোয়াজ্জেমের মামলা নিষ্পত্তির নির্দেশ

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে জামিন না দিয়ে মামলাটি ৪০ কার্যদিবসের মধ্যে শেষ করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

রোববার (৩ নভেম্বর) ওসি মোয়াজ্জেমের জামিন আবেদন নিষ্পত্তি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

তবে ৪০ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপক্ষ শুনানি শেষ করতে না পারলে বিচারিক আদালতকে মোয়াজ্জেমের জামিন দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে।

আদালতে মোয়াজ্জেমের পক্ষে ছিলেন আইনজীবী আহসান উল্লাহ ও রানা কাওসার। অন্যদিকে বাদী পক্ষে ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

এর আগে নুসরাত জাহান রাফিকে ‘অসম্মানজনক’ কথা বলায় এবং তার জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় গত ১৫ এপ্রিল সাইবার ট্রাইব্যুনালে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় বিচারিক আদালতে জামিন না পেয়ে মোয়াজ্জেম হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত