০৩ নভেম্বর, ২০১৯ ১৫:৩৩
দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদের সময় ঠিকাদার জি কে শামীম অসুস্থ বোধ করেন। এরপর দুদকের মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বিশ্বাস এসে তাকে চেকআপ করেন।
রোববার (৩ নভেম্বর) দুপুরে দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, জি কে শামীম অসুস্থতার কথা জানালে চেকআপের জন্য দুদকের মেডিকেল অফিসারকে ডেকে আনা হয়েছে। তিনি তাকে পরীক্ষা করে দেখেছেন।
এদিকে, জিজ্ঞাসাবাদের ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে আগামীকাল সোমবার (৪ নভেম্বর) দুদকে আনা হবে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২৭ অক্টোবর শামীম ও খালেদকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।
১৮ সেপ্টেম্বর খালেদ ও ২০ সেপ্টেম্বর শামীমকে গ্রেপ্তার করে র্যাব। ২১ অক্টোবর তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। শামীমের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন। তার বিরুদ্ধে ২৯৭ কোটি ৯ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
খালেদের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। তার বিরুদ্ধে ৫ কোটি ৫৮ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
আপনার মন্তব্য