সিলেটটুডে ডেস্ক

২৪ নভেম্বর, ২০১৯ ২২:২৮

দুদকের মামলায় শ্রমিক লীগের কার্যকরী সভাপতির বিরুদ্ধে পরোয়ানা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জাতীয় শ্রমিক লীগের নতুন নির্বাচিত কার্যকরী সভাপতি মোল্লা আবুল কালাম আজাদ ও তার স্ত্রী কহিনুর সুলতানার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

২০০৮ সালে মতিঝিল থানায় দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় এ পরোয়ানা জারি করেন ঢাকার বিশেষ জজ আদালত-৮।

দুদক সূত্র জানিয়েছে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে আবুল কালাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছিল দুদক। রোববার ঢাকার গুলশান থানা ও গোপালগঞ্জের কাশিয়ানী থানায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়েছে।আবুল কালাম আজাদের গ্রামের বাড়ি কাশিয়ানীতে।ঢাকায় গুলশান-১ এর ২১ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে থাকেন তিনি।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্ধ্যায় বলেন, পরোয়ানার কপি এখনো তাদের কাছে পৌঁছায়নি।আর মোল্লা আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি তার জানা নেই। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন তিনি।

গত ৯ নভেম্বর জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।এই দিন বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আগামী তিন বছরের জন্য সংগঠনটির নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। সদ্য-বিদায়ী কমিটির সহসভাপতি মোল্লা আবুল কালাম আজাদ নতুন কমিটির কার্যকরী সভাপতির দায়িত্ব পান।

আপনার মন্তব্য

আলোচিত