সিলেটটুডে ডেস্ক

২৭ নভেম্বর, ২০১৯ ১৪:১৬

কাঙ্ক্ষিত রায় আমরা পেয়েছি: রবিউলের ভাই

গুলশানের হলি আর্টিজান হামলার মামলার বিচার শেষে সাত আসামির মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়ে আদালত যে রায় দিয়েছেন তাতে সন্তোষ প্রকাশ করেছেন ওই ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিমের ছোট ভাই শামসুজ্জামান শামস।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান জনাকীর্ণ আদালতে আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

রায়ের পর আদালত প্রাঙ্গণে শামস সাংবাদিকদের বলেন, কাঙ্ক্ষিত রায় আমরা পেয়েছি। এমন রায় আমাদের সবার কাম্য ছিল। এটা দৃষ্টান্তমূলক রায়।

রবিউলের ছোটভাই বলেন, এ রায় আমাদের সবার কাম্য ছিল। এটা শুধু আমাদের পরিবারের নয়; বাংলাদেশের মানুষ ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত অপেক্ষায় ছিল এমন একটা শাস্তির, এমন একটা দৃষ্টান্তমূলক রায়, যা বিদেশের দরবারে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি বলেন, পাশাপাশি অনেক বিদেশি নাগরিক ছিলেন, যারা আত্মীয় স্বজন হারিয়েছিল। তারাও অপেক্ষায় ছিল এমন একটি রায়ের। সব দিক থেকে সবার কাঙ্ক্ষিত রায় আমরা পেয়েছি ৭ জনের মৃত্যুদণ্ডাদেশের মাধ্যমে। বাকি একজনের ক্ষেত্রে আমি আশাবাদী রাষ্ট্রপক্ষ বাদী। তারা বিচার বিবেচনায় নিয়ে প্রাসঙ্গিক সিদ্ধান্ত নেওয়ার যেটা প্রয়োজন তা নেবে।

তিন বছর আগে ঢাকার কূটনীতিকপাড়া গুলশানে হলি আর্টিজান বেকারিতে নজিরবিহীন জঙ্গি হামলায় ২২ জনকে হত্যার দায়ে নব্য জেএমবির সাত সদস্যের ফাঁসির রায় দিয়েছেন আদালত।

সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‌্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ, মামুনুর রশিদ রিপন ও খালাস পাওয়া মিজানুর রহমান এসময় কাঠগড়ায় ছিলেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা ঢোকার পর সেখানে অভিযানে গিয়ে হামলায় নিহত হন সে সময় মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল।

 

আপনার মন্তব্য

আলোচিত