০১ ডিসেম্বর, ২০১৯ ২০:৩০
নিম্ন আদালতে কঠোর নিরাপত্তার মধ্যেও হলি আর্টিজেন মামলায় দণ্ডিত দুই আসামির মাথায় আইএসের চিহ্ন সম্বলিত টুপি কিভাবে এলো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন হাই কোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন।
রোববার (১ ডিসেম্বর) দুপুরে আইন ও সালিশ কেন্দ্রের এক মামলার শুনানিতে পত্রিকার প্রতিবেদনের প্রসঙ্গ টেনে এমন বিস্ময় প্রকাশ করেন আদালত।
এ সময় আদালতে আইনজীবী জেড আই খান পান্না বলেন, আইএসের টুপি নিয়ে অনেক কথা হয়েছে। পত্র-পত্রিকায় আইএসের টুপি নিয়ে লেখালেখি হয়েছে। আমি তো আইএস ইস্যুতে কথা বলেছি। এখন তো আমি আমার (আইনজীবী জেড আই খান পান্না) নিরাপত্তা নিয়ে চিন্তিত। তখন হাই কোর্ট বলেন, মানবাধিকার কর্মীদের বুকে সাহস নিয়ে থাকতে হবে।
তখন আইনজীবী আদালতকে বলেন, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এ বিষয়ে জানে না। অন্যদিকে কারা কর্তৃপক্ষও বলছে টুপি কারাগার থেকে আসেনি। তাহলে আইএসের টুপি দিল কে? ফেরেশতা নাকি শয়তান? তখন হাই কোর্ট বলেন, সর্ষের ভেতরে ভূত।
পরে আইনজীবী জেড আই খান পান্নার নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে (ডিএজি) হাইকোর্টের মৌখিক নির্দেশনা দেন।
প্রসঙ্গত, গত বুধবার হলি আর্টিজান মামলার রায়ের দিন আদালতে আনা হয় আট জঙ্গিকে। এ সময় তাদের মাথায় কিছু না থাকলেও রায় ঘোঘণার পর দুজনের মাথায় কালো টুপি দেখা যায়। যেখানে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এর পতাকার লোগোর মতো নকশা ও লেখা ছিল।
আপনার মন্তব্য