সিলেটটুডে ডেস্ক

২১ ডিসেম্বর, ২০১৯ ০১:০৮

আ. লীগের সম্মেলনে সম্রাটের ছবি

আওয়ামী লীগের সম্মেলন কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে বর্ণিল আয়োজনের মধ্যে বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের ছবি সম্বলিত ফেস্টুনও দেখা গেছে।

শুক্রবার বিকালে এই সম্মেলন উদ্বোধন হওয়ার আগেই বিভিন্ন নেতার নামে শুভেচ্ছার পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেড়ে যায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা।

রং-বেরংয়ের এই ব্যানার-ফেস্টুনের মধ্যে সম্রাটের মুক্তির দাবি সম্বলিত ফেস্টুন দেখা যায় উদ্যানের বাইরে সড়কে।

এই ফেস্টুন কারা লাগিয়েছে, তা জানা যায়নি। তাতে লেখা আছে- ‘ঢাকা তৃণমূলের সর্বস্তরের যুব সমাজ’। পোস্টারে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিও রয়েছে।

পোস্টারের স্লোগান লেখা আছে- ‘দুর্দিনের সম্রাট ভাই, আমরা তোমায় ভুলি নাই’।

ক্যাসিনোকাণ্ডে সম্প্রতি গ্রেপ্তার হওয়ার আগে সম্রাট ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি। গ্রেপ্তার হওয়ার পর যুবলীগ থেকে বহিষ্কৃত হন তিনি।

দাপুটে নেতা সম্রাট গ্রেপ্তার হওয়ার পর যুবলীগের একাংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালেও আরেক অংশের মধ্যে দেখা গিয়েছিল উচ্ছ্বাস।

সম্মেলনে ঢাকার বাইরে থেকে আসা নেতা-কর্মীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে আছেন সোহরাওয়ার্দী উদ্যানে।

তবে এবার সম্মেলনে আগের মতো মোটর সাইকেলের মহড়া চোখে পড়েনি। নির্দিষ্ট কোনো নেতার জন্য মহড়াও দেখা যায়নি।

মূল সম্মেলনস্থলে যারা যেতে পারেননি বা যাননি, তারা ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছেন রমনা পার্ক, শাহবাগ, টিএসসি এলাকায়।

দাউদকান্দি থেকে আসা মঞ্জুরুল আলম সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব দিকের ফটকে দাঁড়িয়ে ছিলেন। ভেতরে না ঢোকার কারণ জানতে চাইলে তিনি বলেন, “ঢুকে লাভ নেই, নেত্রীকে  (শেখ হাসিনা) তো দেখতে পাব না। মাইকেই সবই শোনা যাচ্ছে।”

আপনার মন্তব্য

আলোচিত