সিলেটটুডে ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০১৯ ২২:০৯

রাজাকারদের নামের শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চায় সংসদীয় কমিটি

স্বাধীনতাবিরোধী রাজাকারদের নামে কোনো স্কুল থাকলে সেগুলোর তালিকা চেয়েছে সংসদীয় কমিটি। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই তালিকা চাওয়া হয়।

কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার, জোয়াহেরুল ইসলাম ও মোশারফ হোসেন অংশ নেন।

বৈঠকে রাজাকারদের নামে থাকা স্কুলের তালিকার বিষয়ে মন্ত্রণালয় জানিয়েছে, এই তালিকা করতে তারা মাঠপর্যায়ে চিঠি পাঠানো হয়েছে। এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর প্রতিবেদন আকারে সংসদীয় কমিটিকে জানানো হবে।

বৈঠকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সঠিকভাবে লেখাপড়া করছে কিনা, তা পর্যবেক্ষণের জন্য স্থানীয় সংসদ সদস্যদের তদারকি কার্যক্রম জোরদার করার সুপারিশ করা হয়।

এ ছাড়াও বাধ্যতামূলক শিক্ষা, প্রাথমিক শিক্ষা একাডেমি, পিটিআই নিয়ে আলোচনা হয় এবং এ সব প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ শেষে শিক্ষকরা প্রশিক্ষণের আলোকে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিচ্ছেন কিনা, তা তদারকির জন্য ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।

প্রকল্প গ্রহণের আগে প্রকল্পের অর্থ যেন যথাযথভাবে ব্যয় করা হয়, তা নিশ্চিত করার পাশাপাশি ইতিবাচক ফল বয়ে আনতে সক্ষম এমন প্রকল্প প্রণয়নের সুপারিশ করা হয় বৈঠকে।

আপনার মন্তব্য

আলোচিত