সিলেটটুডে ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০১৯ ১৪:০১

সাবেক রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী আর নেই

ভারতে নিযুক্ত বাংলাদেশের সদ্য সাবেক হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের দায়িত্বে ছিলেন।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চলতি মাসে সৈয়দ মোয়াজ্জেম আলীর চুক্তির মেয়াদ শেষ হলে তিনি দেশে ফিরে আসেন। গত দুইদিন ধরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।

সৈয়দ মোয়াজ্জেম আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারি চাকরি থেকে অবসরের পরও চুক্তিভিত্তিক নিয়োগে দিল্লীতে বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্ব পালন করেন মোয়াজ্জেম আলী। গত নভেম্বরে মেয়াদ শেষে তিনি দেশে ফিরে আসেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

লেখক সৈয়দ মুজতবা আলীর ভাতিজা সৈয়দ মোয়াজ্জেম আলীর জন্ম ১৯৪৪ সালে সিলেটে। বড় ভাই এসএম আলী ছিলেন ডেইলি স্টারের প্রতিষ্ঠাতা সম্পাদক।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী মোয়াজ্জেম আলী ১৯৬৮ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন। ১৯৭১ সালে ওয়াশিংটনে কর্মরত অবস্থায় বিদ্রোহ করে স্বাধীন বাংলাদেশের প্রতি আনুগত্যের ঘোষণা দেন তিনি। এরপর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠায়ও তার অবদান স্মরণীয়।

কর্মজীবনে ভুটান, ইরান ও ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন মোয়াজ্জেম আলী। ওয়াশিংটন, ওয়ারশ, জেদ্দার পাশাপাশি নয়া দিল্লি মিশনেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে।

মোয়াজ্জেম আলি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে ইউনেস্কোর কাছে ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস খসড়া প্রতিবেদন দিয়ে ভাষা আন্দোলনকে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে ভূমিকা রাখেন।

২০০১ সালে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালনের পর অবসরে যান পেশাদার এই কূটনীতিক।

আপনার মন্তব্য

আলোচিত