২৪ ডিসেম্বর, ২০১৫ ২২:১২
দৈনিক যুগভেরী পত্রিকার প্রধান হিসাব কর্মকর্তা এম.এ মতিন আর নেই।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ভোর ৪টায় তিনি আকস্মিক মৃত্যুকুলে ঢলে পড়েন। মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াতের স্ত্রী ফাতেমা আক্তার সরজু জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এম.এ মতিনের মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে। তাঁকে সাথে-সাথে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেয়ার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এরপর সকালে তাঁর লাশ নিজ বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বাসপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। বাদ আছর স্থানীয় বাসপুর দিঘিরকোনো জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
যুগভেরীর শোক:
এম.এ মতিনের আকস্মিক মৃত্যুতে যুগভেরীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক শোক বার্তায় দৈনিক যুগভেরীর সম্পাদক মণ্ডলীর সভাপতি নুরুর রশীদ চৌধুরী, সম্পাদক ফাহমীদা রশীদ চৌধুরী ও সহকারী সম্পাদক ফাহমীনা নাহাস মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিতে তারা বলেন, এম.এ মতিনের মৃত্যুতে যুগভেরী পরিবারের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। তাঁর শূন্যতা পূরণ হবার নয়।
আপনার মন্তব্য