২৭ ডিসেম্বর, ২০১৫ ১৭:৫৯
বিয়ানীবাজার উপজেলার ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০০ দরিদ্র শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ এবং এক বছরের নোট বুক (খাতা), কলম ও রং পেন্সিল তুলে দিয়েছে শেখ ওয়াহিদুর রহমান একাডেমী। গতকাল রবিবার দুপুরে মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা উপকরণ তুলে দেন বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের বাছাইসহ পুরো প্রক্রিয়া সমন্বয় করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। ব্যবস্থাপনার কাজ করেন শেখ ওয়াহিদুর রহমান একাডেমী শিক্ষকরা।
শেখ ওয়াহিদুর রহমান একাডেমীতে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানে অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে এবং শিক্ষক আফজাল আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন একাডেমীর চেয়ারম্যান আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল ও সাংবাদিক এম সিন উদ্দিন।
শেখ ওয়াহিদুর রহমান একাডেমীর জহিরুল ইসলাম চৌধুরী বলেন, দরিদ্র অথচ মেধাবী এমন শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করতে একাডেমী তাদের হাতে স্কুল ব্যাগ, খাতা, কলম ও পেন্সিল তুলে দিয়েছে। এ প্রক্রিয়া আগামীতেও অব্যাহত থাকবে। পুরো প্রক্রিয়া সম্পাদন করতে একাডেমী প্রায় ৫ লাখ ব্যয় করেছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন আহাম্মদ বলেন, শুধুমাত্র দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের হাতে এ শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়েছে। এতে দরিদ্র শিক্ষার্থীরা উৎসাহিত হবে এবং শিক্ষাক্ষেত্রে উপস্থিতি বৃদ্ধিও পাশাপাশি ঝরে পড়া রোধ হবে। শেখ ওয়াহিদুর রহমান একাডেমীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পুরো বছরের খাতা, কলমসহ শিক্ষা উপকরণ পাওয়ায় দরিদ্র পরিবারের আর্থিক সহায়তা হয়েছে।
আপনার মন্তব্য