১১ জানুয়ারি, ২০১৬ ১৯:৪১
সিলেটে নাট্যাঙ্গনের সুপরিচিত নাট্য সংগঠন, নাট্যমঞ্চ সিলেট বাংলাদেশের নাট্যদল গুলোর প্রতিনিধিত্বকারী জাতীয় সংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করেছে।
সোমবার (১১ জানুয়ারি) নাট্যমঞ্চ সিলেটকে পত্র মারফত এটি জানানো হয়।
গত ৭ আগস্ট ২০১৫ইং পরিষদের কেন্দ্রীয় সভায় সহযোগী সদস্য পদ থেকে পূর্ণাঙ্গ সদস্যপদ প্রদান করা হয় নাট্যমঞ্চ সিলেটকে। এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক পত্র গত ৫ জানুয়ারি ২০১৬ইং স্বাক্ষর করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান জনাব লিয়াকত আলী লাকী।
পত্রে নাট্যমঞ্চ সিলেট সহযোগী সদস্য পদ থাকাকালীন কার্যক্রমকে বিবেচনা করে পূর্ণাঙ্গ সদস্যপদ প্রদানের কথা জানিয়ে আগামীতে সৃজনশীল কর্ম উদ্দীপনা দিয়ে গ্রুপ থিয়েটার আন্দোলনকে বেগবান করার আশা প্রকাশ করা হয়।
নাট্যমঞ্চ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান এক বিবৃতিতে নাট্যমঞ্চ সিলেটকে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের পূর্ণাঙ্গ সদস্য পদ প্রদান করায় গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী, সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান, সভাপতি মণ্ডলীর সদস্য, সিলেটের কৃতি সন্তান ঝুনা চৌধুরী, অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জালালউদ্দিন রুমী সহ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কার্য নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নাট্যমঞ্চ সিলেট আগামীতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের আদর্শে বাংলাদেশের নাট্যাঙ্গনে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে সংগঠনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।
আপনার মন্তব্য