সিলেটটুডে ডেস্ক

০২ জুলাই, ২০১৬ ২০:২৯

জঙ্গি হামলা, গুপ্ত হামলার প্রতিবাদে সিপিবি চট্টগ্রামের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সারাদেশে সংগঠিত গুপ্ত হত্যা, গুলশানের কূটনৈতিক পাড়াস্থ স্প্যানিশ রেস্টুরেন্ট এ গতকাল সংগঠিত জঙ্গি হামলার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে শনিবার (২ জুলাই) বিকাল ৪:৩০টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কমরেড মৃণাল চৌধুরী’র সভাপতিত্বে সমাবেশে সিপিবি প্রেসিডিয়াম সদস্য কমরেড মোহাম্মদ শাহ আলম বলেন- গুলশানে জঙ্গিদের দ্বারা দেশী বিদেশি নাগরিকদের জিম্মি করার ঘটনায় প্রমাণ হয় যে, আমাদের দেশকে নিয়ে  দেশী-বিদেশি গভীর ষড়যন্ত্র চলছে। গত কয়েক বছর ধরে মুক্তমনা লেখক, আলেম, পীর, পুরোহিত, ইমাম, বৌদ্ধ ভিক্ষু, খ্রিষ্টান যাজক, পুলিশ, সাংবাদিক, শিক্ষক-এর উপর গুপ্ত হত্যা ও জঙ্গিবাদী আক্রমণ হয়ে আসছে।

তিনি আরো বলেন, এক্ষেত্রে সরকার ও প্রশাসন দৃঢ় ভূমিকা পালন না করে , দোদুল্যমনতা প্রকাশ করেছে। ফলে গুলশানে ফ্রান্স ও তুরস্কের ন্যায় উচ্চমাত্রার জঙ্গি হামলা সংগঠিত হওয়ার সুযোগ তৈরি হয়। আইএস আছে বলে এই জঙ্গিদের কাঁধে ভর করে আমেরিকা সহযোগিতার নামে আমাদের দেশে অনুপ্রবেশের পায়তারা করছে। এই দেশী-বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণকে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু প্রশাসনের উপর ভিত্তি করে এই জঙ্গি হামলা নির্মূল করা সম্ভব নয়, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক-ভাবাদর্শিক লড়াইকে জোরদার করতে হবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন , সিপিবি চট্টগ্রাম জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য কানাই লাল দাশ ও অমৃত বড়ুয়া, রেখা চৌধুরী, মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, ফজল আহমদ, অঞ্চল চৌধুরী, শ্রমিক নেতা দিলীপ নাথ, ছাত্র নেতা নাহিদ আল মোস্তফা ও অটল ভৌমিক প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন সিপিবি জেলা কমিটির সংগঠক রবিউল হোসেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আপনার মন্তব্য

আলোচিত