সিলেটটুডে ডেস্ক

১২ ডিসেম্বর, ২০১৭ ১৬:২০

বিসিক, এনপিও এবং সিলেট চেম্বারের উদ্যোগে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সিলেট, ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) এবং দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে উৎপাদনশীলতা উন্নয়ন শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চেম্বার কনফারেন্স হলে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লি., সিলেটের মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ রিয়াজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে শিল্প প্রতিষ্ঠানের উন্নতির বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। উৎপাদনশীলতা সম্পর্কে ধারণা থাকা প্রতিষ্ঠান মালিক এবং শ্রমিকদের জন্য একান্ত জরুরী। বিশ্বের শিল্পোন্নত দেশগুলো উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের পণ্যকে স্বল্প খরচে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এতে আন্তর্জাতিক বাজারে তাদের পণ্যের চাহিদা বাড়ছে।

তিনি আরো বলেন, বিসিক এবং এনপিও বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানগুলোতে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজনের জন্য আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান এবং শিল্পোদ্যোক্তাদেরকে জনতা ব্যাংকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভাপতির বক্তব্যে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি জনাব খন্দকার সিপার আহমদ বলেন, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই। সিলেটের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের উন্নয়নে অঙ্গীকারাবদ্ধ সিলেট চেম্বার নতুন উদ্যোক্তা সৃষ্টি ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনার আয়োজন করে থাকে।

তিনি প্রশিক্ষণ কর্মশালা থেকে লব্ধ অভিজ্ঞতা নিজ নিজ প্রতিষ্ঠানে কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে অংশীদার হওয়ার জন্য প্রশিক্ষণার্থীদের আহবান জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিসিক, সিলেট এর ডিজিএম জনাব মো. মুহসীন কবির খান, এনপিও’র সিনিয়র রিসার্চ অফিসার জনাব মুহাম্মদ আরিফুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন এনপিও’র গবেষণা কর্মকর্তা জনাব মো. মেহেদী হাসান, পরিসংখ্যান তথ্যানুসন্ধানকারী সৈয়দ জায়েদ-উল ইসলাম, বিসিক, সিলেট এর স্টেট অফিসার জনাব সৈয়দ বখতিয়ার উদ্দিন আহমদ, বিসিক ও সিলেট চেম্বারের কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত