সিলেটটুডে ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০১৭ ১৬:১৪

কোইকোএ এর প্রতিনিধিবৃন্দের সাথে সিলেট চেম্বারের মতবিনিময়

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকোএ) এর প্রতিনিধিবৃন্দের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় চেম্বার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোইকোএ এর প্রতিনিধি ড. শিন ইয়ং সু বলেন, কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকোএ) বিশ্বের বিভিন্ন দেশে শিল্প প্রতিষ্ঠান সমূহে টেকনিক্যাল সহযোগিতা দিয়ে থাকে। বিশেষ করে স্বল্পোন্নত দেশ সমূহে শিল্প প্রতিষ্ঠান স্থাপন, মানবসম্পদ উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ইত্যাদি বিষয়ে প্রযুক্তিগত সহায়তা করে থাকে।

তিনি আরো বলেন, দক্ষ মানবসম্পদ তৈরিতে মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ট্রেনিং সেন্টার গড়ে তোলা জরুরী। কোইকোএ বর্তমানে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে আধুনিকায়নের লক্ষ্যে কাজ করছে বলে তিনি জানান।

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, বাংলাদেশ তথ্য-প্রযুক্তি খাতে দ্রুত উন্নতি করছে। বর্তমান সরকার এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক। তথ্য-প্রযুক্তি ও অর্থনৈতিক খাতে দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকার হাইটেক পার্ক ও সারা দেশে একশটি স্পেশাল ইকোনমিক জোন স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি আরো বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের একটি বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের অবকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা কামনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, গোল্ডেন হার্ভেস্ট এর নির্বাহী পরিচালক মঈনুল ইসলাম চৌধুরী, সানটেক এনার্জির মহাব্যবস্থাপক বদরুল আলম, সিলেট চেম্বারের সদস্য সিরাজুল ইসলাম, জয়নুল আকতার চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মো. হিজকিল গুলজার, জিয়াউল হক, মো. সাহিদুর রহমান, আমিরুজ্জামান চৌধুরী, মুজিবুর রহমান মিন্টু, সিলেট চেম্বারের সচিব গোলাম আক্তার ফারুক, যুগ্ম সচিব নূরানী জাহান কলি, সহকারী সচিব সানু উদ্দিন রুবেল প্রমুখ।        

আপনার মন্তব্য

আলোচিত