২২ অক্টোবর, ২০১৫ ১৬:১২
ক্রিকেটার লিটন দাশ, অভিনেত্রী মিথিলার পর দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে দেয়া বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের ফেসবুক পাতায় দেয়া পোষ্টেও ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করেছেন বেশ কয়েকজন।
মুশফিকের পোষ্টের নিচে সবচেয়ে বেশি মন্তব্য করেন শিপন মির্জা নামে একজন, তাঁর প্রোফাইল ঘেঁটে দেখা যায় তাঁর নিজের ছবির বুকের উপর যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসেইন সাঈদির ছবি, তিনি নিজেকে যুদ্ধাপরাধী এ জামায়াত নেতার অনুসারীও বলেছেন।
তার একটি মন্তব্য এরকম-
“ভাইয়া তুমি আমার প্রিয় খেলোয়াড়ের মাঝে একজন। তুমি মুসলিম, তুমি কুরবানির ছবি রিমুভ দাও ভয়ে। আবার এখন হিন্দুদের পূজার শুভেচ্ছা জানাও। কি শুরু করছ এসব?”
পরে আরেকটি কমেন্ট করে তিনি বলেন -
"সাঈদী সাহেব আমার নেতা,যদি ফাঁসী হয় হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে,ইসলামের জন্য কেউ মরতে পারাটা ভাগ্যের ব্যাপার,আর হা ব্যাবহার সুন্দর করলে ভালো হয়।"
এরপর একই জায়গায় তিনি মন্তব্য করেন-
"একজন মুসলিম কেনো হিন্দুদের পূজার সমর্থন জানাবে?"
মুহাম্মদ আরাফাত সানি নামে একজন লিখেন-
"হায়রে মুসলিম, পূজার শুভেচ্ছা ও জানানো লাগে, হে আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান কর, (আমিন)"
মাসুদ হাসান নামে একজন লিখেছেন-
"আজ থেকে তোকে ঘৃণা করা শুরু করলাম।"
তবে এসব বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদও করেছেন কেউ কেউ। তারেক মাহমুদ শুভ নামে একজন মন্তব্য করেছেন,
“আজব! একজন মানুষ পূজার শুভেচ্ছা জানালো আর শুরু হয়ে গেলো চুলকানি। এত ছোট মানসিকতা মানুষের কীভাবে হয়।”
মোহাম্মদ বিল্লাল নিলয় নামের একটি আইডি থেকে মন্তব্য এসেছে,
“যারা বাজে কমেন্ট করছেন তাদের বলছি, মুশফিক ভাই আমাদের মুসলমানদের কাছে যেমন প্রিয়, অমুসলিমদের কাছেও একই। তিনি এই পোস্টের মাধ্যমে শুধু তাদেরকেই শুভেচ্ছা জানিয়েছেন।”
বৃহস্পতিবার বিজয়া দশমির দিনে দুর্গাপুজার শুভেচ্ছা জানিয়ে মুশফিক একটি ছবি পোষ্ট করেন। ৫ ঘন্টায় এটিতে ১৮ হাজারের বেশি লাইক পড়ে।
আপনার মন্তব্য