০৭ ফেব্রুয়ারি , ২০২৬ ১১:৫১
ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা-সংক্রান্ত একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। রংপুর-২ আসনে নির্বাচনী জনসভায় এ বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোকাম্মেল হক চৌধুরী। জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আনিছুল ইসলাম মণ্ডলের নির্বাচনী জনসভায় এ বক্তব্য দেন তিনি।
গত বৃহস্পতিবার রাতে রংপুর জেলার বদরগঞ্জে একটি নির্বাচনী জনসভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোকাম্মেল হক চৌধুরী এ বক্তব্য দেন। জনসভায়
জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থীসহ বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।
মোকাম্মেল হক চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা জাতীয় পার্টি আওয়ামী লীগের পক্ষে আছি। আমরা জেল-জুলুমকে ভয় পাই না। আওয়ামী লীগের নিরীহ নেতাদের ওপর কোনো অত্যাচার-নির্যাতন হতে দেব না। জাতীয় পার্টি যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগের সব মামলা আমরা প্রত্যাহার করব এবং জননেত্রী শেখ হাসিনাকে আমরা সসম্মানে দেশে ফিরিয়ে আনব। আওয়ামী লীগের সব মিথ্যা মামলা আমরা প্রত্যাহার করব। কি আনিস ভাই করবেন না প্রত্যাহার? বলেন।...’
মোকাম্মেল হকের বাড়ি বদরগঞ্জ উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে। তিনি রংপুর আদালতের আইনজীবী। তাঁর চাচাতো ভাই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডিউক চৌধুরী এবং সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আনিছুল হক চৌধুরী তাঁর চাচা।
বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. কামরুজ্জামান কবির বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে ফেরাতে জাতীয় পার্টি কাজ করছে। উপজেলা জাতীয় পার্টি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।
জাতীয় পার্টির বদরগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাকুর রহমান একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, মোকাম্মেল হক চৌধুরী ভুলবশত শেখ হাসিনার বিষয়ে যে মন্তব্য করেছেন, তা তাঁর ব্যক্তিগত মতামত।
এ বিষয়ে মোকাম্মেল হক চৌধুরীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে রংপুর-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আনিছুল ইসলাম মণ্ডল বলেন, ‘ও শেখ হাসিনাকে নিয়ে আসবে, এটা বলেছে, এটা স্লিপ অব টাং। ও এমনটা বলতে চায়নি, আবেগের বশে বলে ফেলেছে। পরে নিজেই স্বীকার করেছে যে এটি ভুল হয়ে গেছে।’
আপনার মন্তব্য