স্পোর্টস ডেস্ক

০৩ নভেম্বর, ২০১৫ ২১:২১

প্রস্তুতি ম্যাচে গা গরম করবেন মাশরাফি-মুশফিক

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দেবেন স্বয়ং ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিসিবি একাদশে খেলবেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও। সাধারণত সিনিয়র ক্রিকেটাররা কোন প্রস্তুতি ম্যাচের একাদশে না খেললেও দীর্ঘ দিন খেলার বাইরে থাকায় গা গরম করতেই নামবেন বাংলাদেশ ক্রিকেটের দুই কান্ডারি।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দলে থাকা উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস, ব্যাটসম্যান সাব্বির রহমান ও লেগ স্পিনার জুবায়ের হোসেনও আছেন প্রস্তুতি ম্যাচের দলে।

কদিন আগে ডেঙ্গু জ্বর থেকে ফেরা মাশরাফি মূল সিরিজের আগে পুরোপুরি প্রস্তুত হওয়ার জন্য নিজেই খেলতে চেয়েছিলেন এই ম্যাচ।

প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দল থেকে বাদ পড়া ওপেনার ইমরুল কায়েস, এনামুল হক ও পেসার শফিউল ইসলামকেও রাখা হয়েছে প্রস্তুতি ম্যাচের দলে।

অনেকদিন জাতীয় দলের বাইরে থাকা ওপেনার শাহরিয়ার নাফীসও সুযোগ পেয়েছেন জাতীয় দলে ফেরার দাবি জানানোর। জাতীয় লিগের শেষ রাউন্ডে জোড়া শতক করেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

১৩ সদস্যের দলে সুযোগ পেয়েছেন জাতীয় লিগে নজর কাড়া ওপেনার মেহেদি মারুফ ও তরুণ পেসার তৌহিদুল ইসলাম।

আগামী বৃহস্পতিবার ফতুল্লায় হবে প্রস্তুতি ম্যাচটি।

বিসিবি একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, এনামুল হক, লিটস কুমার দাস, শাহরিয়ার নাফীস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদি মারুফ, জুবায়ের হোসেন, সানজামুল ইসলাম, দেলোয়ার হোসেন, শফিউল ইসলাম, তৌহিদুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত