সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

০৫ নভেম্বর, ২০১৫ ১০:০৭

জিম্বাবুয়েতে সিরিজ জিতল ‘এ’ দল

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ দল। সিরিজের দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে জিম্বাবুয়ে ‘এ’ দলকে হারিয়েছে তারা ৩৬ রানের ব্যবধানে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে ২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুভ সূচনা করে জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে ৫০ রান যোগ করার পর ব্যক্তিগত ১৮ রানে তাইজুল ইসলামের বলে আউট হয়ে যান কাসুজা। পরবর্তীতে বাংলাদেশী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় কোন জুটি গড়তে পারেনি স্বাগতিক ব্যাটসম্যানরা।

উল্টো নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ফলে নির্ধারিত ৫০ ওভারে ২৪৬ রানেই থামে তাদের ইনিংস। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান চারি।

বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে তাইজুল ও মুক্তার আলি ২টি করে উইকেট শিকার করেন।

এর আগে টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানের সময় রনি তালুকদারের উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল। ২য় উইকেট জুটিতে সাদমান ও মিথুন ১১২ রান যোগ করে দলকে শক্ত পুঁজি পেতে সাহায্য করেন।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এই দিন ৬৬ রান করে আউট হয়ে গেলেও শেষ দিকে মোসাদ্দেক হোসেনের (৩৯ বলে ৫০রান) ও মুক্তার আলির (১১ বলে ২৯ রান) ঝড়ো ইনিংসের ফলে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮২ রান করতে সক্ষম হয় বাংলাদেশ ‘এ’ দল।

সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি একই মাঠে আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত