সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

০৬ নভেম্বর, ২০১৫ ০২:৫৯

জিম্বাবুয়ের বিপক্ষে নতুন জার্সিতে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে নতুন জার্সিতে দেখা যাবে বাংলাদেশ দলকে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাতে হোটেল সোনারগাঁওয়ে রবি’র ‘অদম্য জার্সি ডিজাইন কনটেস্ট’র গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সেরা জার্সি নির্বাচনের লক্ষ্যেই এটি আয়োজন করা হয়। সেখান থেকেই নির্বাচিত হয় বাংলাদেশ ক্রিকেট দলের নতুন জার্সি।

বিসিবি ও রবি’র যৌথ আয়োজনে সব বয়সের অংশগ্রহণের দরজা খোলা রাখায় ৮ হাজার ডিজাইন থেকে বিচারকমন্ডলী ও ক্রিকেট প্রেমীদের এসএমএস’র মাধ্যমে বেছে নেয়া হয় সেরা ১১ প্রতিযোগীকে। সেখান থেকে অনিকেত ভট্টাচার্যের জার্সি নির্বাচিত হয় জাতীয় ক্রিকেট দলের জন্য।

“জ্বলে ওঠো বাংলাদেশ, বিজয়ের পতাকা তোলো, আপন শক্তিতে এগিয়ে চলো...” এমনই এক থিম সং নিয়ে বাংলাদেশ জাতীয় দলের নতুন জার্সি উদ্বোধন করে স্পন্সর প্রতিষ্ঠান মোবাইল অপারেটর রবি আজিয়াটা। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই।

এর আগে গত ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রাথমিকভাবে মোট আট হাজার প্রতিযোগী জার্সির ডিজাইন জমা দেয়। সেখান থেকে ১১ টি ডিজাইন নির্বাচন করেন নির্বাচকরা। যা পরবর্তীতে রবি’র বিজ্ঞাপনচিত্রে তুলে ধরা হয়।

পাঁচজনের বিচারক প্যানেল ১১টি জার্সি নির্বাচন করেন। এর মধ্যে অনিকেতের জার্সিটিই সেরা হিসেবে নির্বাচিত হয়। বিচারক প্যানেলে ছিলেন চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওয়ার্কিং কমিটির সদস্য এনায়েত হোসেন সিরাজ, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও রবি’র ইউপি মডেল নোবেল।

ওই আয়োজনে যোগ দিয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এবং আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসনও। ছিলেন বাংলাদেশ দলের হেড কোচ, সাবেক কোচ।

নাজমুল হাসান পাপনের উদ্যোগে দু’মাস আগে রবি শুরু করে “অদম্য জার্সি ডিজাইন কনটেস্ট”। সবশেষ ৫ প্রতিযোগী থেকে অনিকেত ভট্টাচার্যের ডিজাইন করা জার্সিটিই নির্বাচিত হয়। এজন্যে অনিকেত প্রাইজ মানি হিসেবে পান ৫ লাখ টাকা আর ট্রফি।

আপনার মন্তব্য

আলোচিত