১৭ নভেম্বর, ২০১৫ ১১:১১
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচে ৫ গোলে হারের পর হোম ম্যাচের আগে যেখানে অনুশীলনে ব্যস্ত থাকার কথা ছিল ফুটবলারদের তখন অধিনায়ক মামুনুল সহ ১০ খেলোয়াড় ব্যস্ত ক্লাবের অনুষ্ঠানে। বাফুফেও জানেনা কোথায় তারা, আর কেইবা অনুমতি দিলো!
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সংবাদ সম্মেলনে তাই কোচ ফাবিও লোপেজের সঙ্গে এসেছিলেন জামাল ভূইয়া। শেখ জামালের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় এই মিডফিল্ডার তাই ‘জোরাজুরির’ শিকার হননি।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মামুনুলদের অনুষ্ঠানে যাওয়া নিয়ে প্রশ্ন ওঠে সংবাদ সম্মেলনের শুরুতেই। অধিনায়ক কোথায়?-এক সাংবাদিকের প্রশ্নের জবাব কোচ দিয়ে দেন এক বাক্যেই, “আমি জানি না।”
কার অনুমতি নিয়ে জাতীয় দলে খেলা ফুটবলারদের শেখ জামাল অনুষ্ঠানে নিয়ে গেছে, তা জানাতে পারেননি টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগও।
“শেখ জামাল তাদের একটা অনুষ্ঠানের জন্য ফুটবলার চেয়েছিল। আমি অনুমতি দেই নাই। ম্যানেজার হিসেবে আমি এটা দিতে পারি না।”
বাফুফে সাধারণ সম্পাদকের কথাতেও পাওয়া গেলো না টিম হোটেল ছেড়ে খেলোয়াড়দের গুলশানের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার অনুমতিটা দিয়েছেন কে।
“একটা অনুষ্ঠানের জন্য তারা তাদের ফুটবলার চেয়েছিল। আগামী কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ, পরের দিন দল চীনে যাবে। তাই আমরা তাদের পরামর্শ দিয়েছিলাম, অনুষ্ঠানটা ম্যাচের পরে করার। কিন্তু তারা পরামর্শটা নেয়নি। আসলে পারমিশনটা (অনুমতি) কোথা হতে এসেছে, তা নিয়ে আমিও পরিষ্কার না। টিম হোটেলে গাড়ি পাঠিয়ে হয়ত জোর করে নিয়ে যাওয়া হয়েছে খেলোয়াড়দের।”
বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের অভিজ্ঞতা এখন পর্যন্ত সুখের না। পাঁচ ম্যাচের চারটিতে হার; তাজিকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ড্র-ই একমাত্র পাওয়া। তবে ওই ড্রয়ের আনন্দও মাটি হয়ে গেছে সর্বশেষ ম্যাচে তাজিকিস্তানের মাঠে ৫-০ গোলের হারে।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে বিকাল সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
এই ম্যাচের জন্য সোমবার বিকাল পাঁচটা থেকে অনুশীলন ছিল মামুনুলদের। কিন্তু দুপুরে গুলশানে যাওয়া ফুটবলাররা জাতীয় দলের তাবুতে ফেরেন সন্ধ্যায়।
আপনার মন্তব্য