স্পোর্টস ডেস্ক

২৪ নভেম্বর, ২০১৫ ২২:৪৯

হ্যাটট্রিকম্যান আল আমিন!

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন জাতীয় দল ও বরিশাল বুলস-এর ফাস্ট বোলার আল আমিন হোসেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট সুপার স্টার্সের বিপক্ষে এই পেসার টানা তিন বলে উইকেট নিয়েছেন বরিশাল বুলসের হয়ে। ম্যাচে নিয়েছেন তিনি ৫ উইকেট ৩৬ রানের বিনিময়ে।

সিলেটের বিপক্ষে বরিশাল ম্যাচ জেতে মাত্র ১ রানে। বরিশাল বুলসের করা ১০৮ রানের জবাবে সিলেট সুপারস্টারসের ইনিংস গিয়ে থামে ১০৭ রানে।

আল আমিনের আগুন ঝরানো এ বোলিংয়ে নিজের প্রথম ওভারেই মুমিনুল হককে ফিরিয়ে দলকে এনে দেন প্রথম ব্রেক থ্রু।

পরের ওভারেই হ্যাটট্রিক। ইংলিশ ব্যাটসম্যান রবি বোপারা ক্যাচ দেন উইকেটের পেছনে। পরের ডেলিভারিতে ভেতর ঢোকা দারুণ এক বলে বোল্ড নুরুল হাসান।

পরের বলে স্ট্রাইকে ছিলেন মুশফিকুর রহিম, কিন্তু আল আমিনের দুর্দান্ত ডেলিভারির জবাব ছিল না মুশফিকেরও। আবারও লেংথ থেকে ভেতরে ঢোকা বল, উড়ল বেলস। এরপর তিনি নেন মিলনের উইকেট।

এই ম্যাচে নতুন বলে আল আমিনের সঙ্গী মোহাম্মদ সামি করেছিলেন বিপিএলের প্রথম হ্যাটট্রিক।

প্রথম বিপিএলে দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন মোহাম্মদ সামি। তিনি ফিরিয়েছিলেন ড্যারেন স্টিভেন্স, আফতাব আহমেদ ও রানা নাভেদ-উল-হাসানকে।

আপনার মন্তব্য

আলোচিত